পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে আগামী ২৩ মার্চের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় যাত্রীদের সুবিধার্থে এবারও আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অনলাইনে টিকিট কেনা সহজ করতে দুই শিফটে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হবে। অন্যদিকে, পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় ধাপে ধাপে বিক্রি করা হবে। এর মধ্যে ১৩ মার্চ দেওয়া হবে ২৩ মার্চের টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে টিকিট বিক্রির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ একবারই টিকিট কেনার সুযোগ পাবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। অনলাইনে বিক্রি হওয়া এসব অগ্রিম টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না। এছাড়া যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন দাঁড়িয়ে যাওয়ার টিকিট বা স্ট্যান্ডিং টিকিট হিসেবে সংগ্রহ করা যাবে।
ডিবিসি/পিআরএএন