জেলার সংবাদ

উখিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৬ বছর বয়সী কন্যাকে আটকের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের উখিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামির পরিবারের তিন সদস্যকে আটক করেছে। রবিবার (১২ এপ্রিল) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়াবিল এলাকায় এই ঘটনা ঘটে। ওসি মুজিবুর রহমান জানান, একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর রহমানের (২৯) অবস্থানে খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় তিনি চিৎকার শুরু করেন। 

 

এ সময় পরিবারের সদস্যসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা মিজানুরকে ছিনিয়ে নেয় এবং সে অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। হামলায় উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বদেশ বিশ্বাস ও কনস্টেবল ওমর ফারুক আহত হন। তাঁরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

আসামি ছিনতাইয়ের পর পুলিশ ঘটনাস্থল থেকে ছিনিয়ে নেওয়া আসামির স্ত্রী ফারজানা হাকিম নিথর (২৯), বড় ভাই সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার (৪৩) এবং বৃদ্ধ বাবা জাফর আলমকে (৬৮) গ্রেপ্তার করে। 

 

মিজানুরের বড় ভাই এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন অভিযোগ করেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা ওই মামলায় তিনিও গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে আছেন। তাঁর দাবি, পুলিশ রাতে মিজানুরকে বাড়িতে না পেয়ে অসুস্থ বৃদ্ধ বাবা, দুই নারী ও মিজানুরের ৬ বছর বয়সী শিশুকন্যা মাইরাকে আটক করে নিয়ে যায় এবং ঘটনাটি ভিন্নখাতে নিতে আসামি ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। মায়ের সাথে ৬ বছর বয়সী শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

 

তবে শিশুকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন ওসি মুজিবুর রহমান। তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত এক বৃদ্ধ ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পরিবারের অনুরোধেই শিশুটিকে তার মায়ের সাথে পাঠানো হয়েছে।

 

এদিকে সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের অভিযোগে আজ দুপুরে আহত এএসআই স্বদেশ বিশ্বাস বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে গ্রেপ্তারকৃত তিন আসামিকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন