আফ্রিকার দেশ উগান্ডায় ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। উগান্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি সমীক্ষা চালানোর পর ৩১ মিলিয়ন মেট্রিক টন স্বর্ণের সন্ধান পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ১২ ট্রিলিয়ন ডলার।
দেশের অর্থনীতি চাঙা করতে উগান্ডা সরকার বুসিয়া জেলায় স্বর্ণ উৎপাদন শুরু করতে চীনা প্রতিষ্ঠান ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানিকে লাইসেন্স দিয়েছে। কোম্পানিটি ২০১৬ সালে বুসিয়া জেলায় পর্যায়ক্রমে ২০০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ শোধনাগার নির্মাণের কাজ শুরু করে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উগান্ডার জ্বালানি ও খনিজ উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সলোমন মুয়িতা বলেছেন, 'এর উদ্দেশ্য ক্রিপ্টো খাতে সোনার খনির মালিক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।' তিনি আরও বলেন, 'আবিষ্কৃত স্বর্ণ এই মুহূর্তেই খনন শুরু করা সম্ভব।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'বিদেশি কোনো শোধনাগারকে দিয়ে স্বর্ণ পরিশোধন করা হলে তা হবে অপরাধ।'