উরুগুয়ের দ্বিতীয় বিভাগের এক ফুটবল ম্যাচে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। উরুগুয়ে মন্তেভিডিও ও পাইসান্দুর ম্যাচের একপর্যায়ে এক খেলোয়াড়ের জোরালো ক্লিয়ারেন্সের বল স্টেডিয়ামের দেয়াল টপকে সোজা গিয়ে পড়ে পাশের ব্যস্ত মহাসড়কে।
সড়কে হঠাৎ বল চলে আসায় একটি সাদা গাড়ি দ্রুত ব্রেক কষে। এতে পেছনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সেটিকে ধাক্কা দেয়। পুরো ঘটনাটি ম্যাচের লাইভ সম্প্রচারে ধরা পড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় কেউ আহত না হলেও গাড়িগুলোর কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। সাময়িক বিরতির পর খেলা শুরু হলে উরুগুয়ে মন্তেভিডিও ১-০ গোলে জয় পায়। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেডিয়ামের দেয়াল উঁচু করার দাবি উঠেছে।
সূত্র: এনডিটিভি