উত্তরপ্রদেশের বহরাইচ জেলায় বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় এক যুবককে টেনে নিয়ে গিয়ে হত্যা করেছে একটি চিতাবাঘ। মঙ্গলবার ভোররাতে কাতারনিয়াঘাট বন্যপ্রাণী বিভাগের কাকরাহা রেঞ্জের অন্তর্গত মেহবুব নগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রাম সিং (২৮)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক তিনটার দিকে বাড়ির বারান্দার খাটিয়ায় ঘুমিয়ে ছিলেন রাম সিং। সে সময় একটি চিতাবাঘ আক্রমণ চালিয়ে তাঁকে বাড়ির পেছনের ঝোপঝাড়ের দিকে টেনে নিয়ে যায়। সকালে পরিবারের সদস্যরা তাঁকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বন বিভাগ ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলের আশপাশে চিতাবাঘের পায়ের ছাপও পাওয়া গেছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অপূর্ব দীক্ষিত।
বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ৫ লাখ টাকার ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া চলছে। কর্মকর্তা আরও জানান, গত ছয় সপ্তাহে কাতারনিয়াঘাট এলাকা থেকে নয়টি চিতাবাঘ উদ্ধার করে উপযুক্ত প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হয়েছে।
বর্তমান ঘটনাস্থলে খাঁচা বসানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে। বন কর্মকর্তারা স্থানীয় গ্রামবাসীদের রাতে সতর্ক থাকার এবং শিশু ও বয়স্কদের একা বাইরে বের হতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি