উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সাফদ শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির নিজস্ব সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা সাফদ এলাকার একটি নির্দিষ্ট সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।
এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কতটুকু, সে বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এ দাবির বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে গত কয়েক দিন ধরে লেবানন সীমান্ত থেকে আসা রকেট ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে উত্তর ইসরায়েলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজা এবং দক্ষিণ লেবানন ছাপিয়ে সংঘাতের পরিধি উত্তর ইসরায়েলের আরও ভেতরে বিস্তৃত হওয়ায় ওই অঞ্চলে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইসরায়েল এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে চলমান এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি