আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সামরিক মহড়ায় ট্যাঙ্ক চালালেন কিম জং উনের কন্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাবার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক সামরিক মহড়ায় ট্যাঙ্ক চালিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কিশোরী কন্যা। তাদের এই সর্বশেষ যৌথ উপস্থিতির পর কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এই কিশোরীকে প্রস্তুত করার বিষয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার জানিয়েছে, আগের দিন ট্যাঙ্ক ও পদাতিক বাহিনীর এক আক্রমণাত্মক কৌশলগত মহড়া তদারকি করেন কিম জং উন এবং সেখানে তিনি যুদ্ধপ্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা যায়, একটি চলন্ত জলপাই রঙের ট্যাঙ্কের চালকের আসন থেকে কিমের মেয়ে মাথা বের করে আছেন। অন্যদিকে, তার বাবা হাসিমুখে তিন সৈন্যের সঙ্গে ট্যাঙ্কের ওপর বসে আছেন।

 

পর্যবেক্ষকদের মতে, মেয়েটির অবস্থান স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি ওই সাঁজোয়া যানটি চালাচ্ছিলেন, যা তার জন্য এ ধরনের প্রথম কোনো অভিজ্ঞতা। তবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, আধুনিক ট্যাঙ্ক চালানো প্রযুক্তিগত দিক থেকে খুব বেশি জটিল নয়। দক্ষিণ কোরিয়ার 'কোরিয়া ডিফেন্স নেটওয়ার্ক'-এর বিশেষজ্ঞ লি ইলউ বলেন, আধুনিক ট্যাঙ্ক চালানো বেশ সহজ। তিনি শুধু সমতল ভূমিতে ধীরগতিতে সোজা ট্যাঙ্কটি চালিয়েছেন, যা তার জন্য আরও সহজ ছিল।

 

কিম জু আয়ে নামের প্রায় ১৩ বছর বয়সী এই কিশোরী ২০২২ সালের শেষভাগ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও অন্যান্য অনুষ্ঠানে তার বাবার সঙ্গী হয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে কিমের ‘সবচেয়ে প্রিয়’ বা ‘সম্মানিত’ সন্তান হিসেবে উল্লেখ করেছে এবং তাদের ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে বিভিন্ন ছবি ও ফুটেজ প্রকাশ করেছে। সম্প্রতি একটি হালকা যুদ্ধাস্ত্রের কারখানায় তারা পিস্তল চালিয়েছেন এবং রকেট লঞ্চিং সিস্টেমের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। গত সেপ্টেম্বরে বাবার সঙ্গে তিনি বেইজিং সফরেও যান। এছাড়া নববর্ষের অনুষ্ঠানে তাকে বাবার গালে চুমু খেতেও দেখা যায়।

 

গত মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল যে, কিম জং উন তাকে নিজের উত্তরসূরি হিসেবে মনোনীত করার দ্বারপ্রান্তে রয়েছেন। তবে অনেক বিশেষজ্ঞ এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তারা এর পেছনে কিমের অপেক্ষাকৃত কম বয়স এবং উত্তর কোরিয়ার চরম পুরুষতান্ত্রিক ক্ষমতার কাঠামোর কথা উল্লেখ করেছেন।

 

এদিকে উত্তর কোরিয়ার এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল। উত্তর কোরিয়া এই মহড়াকে নিজেদের ওপর আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে থাকে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের ১১ দিনব্যাপী কম্পিউটার-সিমুলেটেড কমান্ড পোস্ট মহড়া শেষ করলেও তাদের মাঠপর্যায়ের প্রশিক্ষণ এখনো চলছে।

 

সূত্র: এপি নিউজ

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন