উত্তর সাইপ্রাস উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৩ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, 'ফিলোজেট' নামের ব্যক্তিমালিকানাধীন ওই ফেরিটি ২৫৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু নিয়ে উত্তর সাইপ্রাসের কাইরেনিয়া বন্দর থেকে তুরস্কের তাসুকু বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর ছাড়ার পরপরই অজ্ঞাত কারণে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে এবং কাইরেনিয়া উপকূল থেকে মাত্র চার নটিক্যাল মাইল দূরে সেটি উল্টে যায়।
তুর্কি সাইপ্রিয়ট নেতা তুফান এরহুরমান জানান, নিখোঁজ ২৩ জনের সন্ধানে নিবিড়ভাবে কাজ করছে উদ্ধারকারী দল। তুর্কি সাইপ্রিয়ট প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন, মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে তুর্কি সাইপ্রিয়ট ও তুরস্কের কোস্টগার্ডের বেশ কয়েকটি নৌযান, দুটি হেলিকপ্টার এবং বেসামরিক নৌযান মোতায়েন করা হয়েছে। এর আগের দিন শনিবার সাইপ্রাসে প্রবল ঝড় আঘাত হানলেও ঘটনার সময় আবহাওয়া নৌভ্রমণের অনুকূলে ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিবিসি/আরএসএল