মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও সমুদ্রসীমায় নিজেদের শক্তির জানান দিতে যাচ্ছে ইরান। শনিবার (৩১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উত্তর ভারত মহাসাগর অঞ্চলে চীন ও রাশিয়ার সাথে একটি বিশাল যৌথ নৌমহড়া পরিচালনার পরিকল্পনা করছে দেশটি।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই যৌথ মহড়াটি "মেরিটাইম সিকিউরিটি বেল্ট" নামে পরিচিত, যার এবার অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৯ সালে ইরানের নৌবাহিনীর উদ্যোগে প্রথম এই মহড়া শুরু হয়েছিল এবং এরপর থেকে সফলভাবে সাতটি সংস্করণ সম্পন্ন হয়েছে। এবারের মহড়ায় তিন দেশের নৌ ইউনিটের এক বিশাল সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই বিশেষ মহড়ায় শুধুমাত্র ইরানের নিয়মিত নৌবাহিনীই নয়, বরং দেশটির প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর নৌ ইউনিটগুলোও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তাদের সাথে যোগ দেবে চীন ও রাশিয়ার আধুনিক নৌবাহিনী।
সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক ও সামরিক চাপানউতোর চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন যে, একটি "বিশাল নৌবাহিনী" ইরানের দিকে অগ্রসর হচ্ছে এবং তিনি তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন।
তবে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন যে, মার্কিন কোনো হামলার জবাব দেওয়া হবে "দ্রুত এবং ব্যাপক" আকারে। একই সঙ্গে তারা পুনর্ব্যক্ত করেছেন যে, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে তা অবশ্যই হতে হবে "ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং জবরদস্তিমুক্ত" শর্তাবলীর অধীনে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এএমটি