জাতীয়

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নেওয়ার কথা রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাকালে মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস উপস্থিত থাকবেন।

 

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। ওই দিন বিকেল ও সন্ধ্যায় দুই দফায় তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তাকে হাসপাতালের নিউরো আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং এর রিপোর্ট বেশ ভালো এসেছে। বর্তমানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তার চিকিৎসায় গঠিত এই মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হকসহ এভারকেয়ার হাসপাতালের বেশ কয়েকজন স্বনামধন্য চিকিৎসক রয়েছেন।

 

এদিকে, অসুস্থ এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার দুপুরে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নেন। এছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন