ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিন আসামি হলেন- ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি খামারে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। মাছের খাবার হিসেবে ব্যবহৃত এই মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
এ ঘটনার পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এদিকে, মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় উপজেলা জামায়াতের শীর্ষ তিন নেতার কারাগারে যাওয়ার ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই এ ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
ডিবিসি/পিআরএএন