জাতীয়

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের প্রতিটি উপজেলা পরিষদে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছ থেকে ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের এই সুসংবাদ জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ বা জিও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে জারি করা হয়েছে। উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে যেখানে যে অবস্থা আছে, সেখানেই অ্যাটাচড বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় দাপ্তরিকভাবে এই কক্ষের নামকরণ করা হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। এখানে বসে এমপিরা তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ করার সুযোগ পাবেন।

 

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তাঁর জন্য এমন অফিস বা পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব সংসদ সদস্যের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান। আজ থেকেই জিও জারি হওয়ায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার ইউএনওদের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে কক্ষটি প্রস্তুত করে নেওয়ার আহ্বান জানান মীর শাহে আলম।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন