কোনো আনুষ্ঠানিক উৎসব ছাড়াই বছরের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে নতুন বই বিতরণ কার্যক্রম।
নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী দু-একদিনের মধ্যে সবাই বই পাবে বলা হলেও, আজ সবার হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি।
নতুন বছর ও নতুন স্বপ্নের রঙিন মলাটের বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। সিলেটে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
বরিশালে চাহিদার তুলনায় বই কম আসায় যা পাওয়া গেছে তাই বিতরণ করা হয়েছে। রাজশাহীতে অনাড়ম্বরভাবে বই উৎসব পালিত হয়েছে।
পার্বত্য জেলা রাঙামাটিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরাও পেয়েছে নিজেদের মাতৃভাষার বই।
ভোলা, নাটোর ও বাগেরহাটেও বই বিতরণ চলছে। অভিভাবকদের প্রত্যাশা, নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন উদ্যম ও আগ্রহ তৈরি করবে।
ডিবিসি/এএমটি