ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর বেশকিছু এলাকায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস বলছে, উৎসব উৎযাপনের বিষয়ে আরও সচেতন হতে হবে সবাইকে।
নতুন বছরকে বরণ করতে নানা আয়োজন ছিল নগরাবাসীর। ছিল আতসবাজি, পটকা ফাটানো, ফানুস ওড়ানোর মত আয়োজনও। তবে সে উৎযাপন বেশ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে এবার।
ফানুসের মোমবাতির আগুনে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ীর মাতুয়াইল, ধানমন্ডি, রায়েরবাগসহ বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাতুয়াইল স্কুল রোডের এক আবাসিক ভবনে লাগা আগুন বেশ দ্রুতই ছড়াতে থাকে। তবে এলাকাবাসীর তৎপরতায় কমেছে ক্ষয়ক্ষতি।
প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ আগুনের সুত্রপাত ফানুস থেকেই। হতাহতের ঘটনা না ঘটলেও, এসব বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ তাদের।
ডেমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার ওসমান গণি জানান, অনেক জায়গাতেও আগুন লেগেছে। তব বড় কোন দুর্ঘটনা ঘটেনি। বেশিরভাগই ফানুসের কারণে, কিছু গ্যাস লিকেজ ও অন্যান্য কারণ আছে।
আতশবাজি ও পটকাবাজির বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হলেও, মানা হযনি বেশিরভাগ এলাকাতেই।