কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন এবং কার্যকর ভাইরাসের নকশা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। পরীক্ষাগারে তৈরি এই ভাইরাসগুলো নিজেদের বংশবৃদ্ধি করতেও সম্পূর্ণরূপে সক্ষম। বিজ্ঞানীরা জানিয়েছেন, এআইয়ের সাহায্যে তৈরি করা ১৬টি নতুন ভাইরাস মূলত ব্যাকটেরিয়াকে সংক্রমিত করার জন্য নকশা করা হয়েছে, ফলে এগুলো মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয়।
এই যুগান্তকারী উদ্ভাবনকে বিজ্ঞানের ইতিহাসে একটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড়’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। গবেষকদের আশা, এই প্রযুক্তি আগামী দিনে জটিল রোগ নিরাময় ও চিকিৎসাবিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করবে।
তবে আশার পাশাপাশি শঙ্কাও রয়েছে। এআইয়ের মাধ্যমে ল্যাবরেটরিতে এভাবে কৃত্রিম ভাইরাস তৈরি করার বিষয়টিতে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগও প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ।
চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের ব্যবহার অবশ্য একেবারে নতুন নয়। এর আগে নতুন অ্যান্টিবায়োটিক তৈরিতেও এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে। কিন্তু একেবারে শূন্য থেকে একটি কার্যকর ভাইরাসের সম্পূর্ণ জিনোম নকশা করা তার চেয়ে বহুগুণ বেশি জটিল একটি প্রক্রিয়া।
এ প্রসঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ব্রায়ান হি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানান, জেনারেটিভ এআইয়ের মাধ্যমে নকশা করার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। প্রথমবারের মতো এআই ব্যবহার করে এমন একটি পূর্ণাঙ্গ জিনোম তৈরি করা হলো, যা কোষের ভেতরে নিজের প্রতিরূপ তৈরি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারে। বিজ্ঞানীদের জন্য এটি ছিল একেবারেই এক নতুন অভিজ্ঞতা।
ডিবিসি/এসডব্লিউএন