বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণুবিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশ (এআরবি)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা সুলতানা (লাবু)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক নিউজ পোর্টাল ভাইটাল বাংলা’র সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনটির ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এবং ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বী সৌরভ।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয় (নিউজ২৪ টিভি), কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান (স্টার নিউজ), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রানা (মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্স সাংবাদিক) এবং যোগাযোগ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক ভূঁইয়া রবিন (সময় টিভি)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আরিফুল সাজ্জাত (৭১ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) এবং মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।
নবগঠিত কমিটির সভাপতি শামীমা সুলতানা তাকে নির্বাচিত করায় সংগঠনের সব সদস্যকে ধন্যবাদ জানান। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি-বিদেশি বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করবে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ। পাশাপাশি পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতেও কাজ করে যাবে এই সংগঠন।
ডিবিসি/এসএফএল