বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার অভিযান শুরু করছে আলবিসেলেস্তেরা।
তবে প্রথম ম্যাচের একাদশ সাজানোর আগে বেশ কিছুটা ভাবনায় পড়তে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। বিশেষ করে রক্ষণভাগের বেশ কয়েকজন মূল খেলোয়াড়ের চোট স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের প্রতিবেদন, রক্ষণে কয়েকটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কোচ। তবে আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে খুব একটা ধোঁয়াশা নেই।
আর্জেন্টিনার শুরুর একাদশে গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজের থাকা প্রায় নিশ্চিত। হাতের আঙুলের ফ্র্যাকচার কাটিয়ে তিনি এখন ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। আসল সমস্যা তৈরি হয়েছে রক্ষণভাগ নিয়ে।
রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা ও গনজালো মন্টিয়েল, দুজনেই পেশির চোট কাটিয়ে দলে ফিরলেও ম্যাচ ফিটনেস নিয়ে ঘাটতি রয়েছে। আতলেতিকো মাদ্রিদের মলিনা বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচগুলোতে এক মিনিটও মাঠে নামতে পারেননি। রিভার প্লেটের অধিনায়ক মন্টিয়েল আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন মাত্র ২০ মিনিট। আজ আলজেরিয়ার বিপক্ষে এই দুজনের মধ্যে কাকে দিয়ে শুরু করবেন স্কালোনি, তা এখনো স্পষ্ট নয়।
একই রকমের অনিশ্চয়তা রয়েছে ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়েও। এই সেন্টার ডিফেন্ডার চোট কাটিয়ে সদ্য দলে ফিরেছেন। স্কালোনির হাতে বিকল্প হিসেবে আছেন ফাকুন্দো মেদিনা। তবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির খেলা নিশ্চিত।
লিসান্দ্রো মার্তিনেজও একাদশে থাকছেন, তবে তাঁকে সেন্ট্রাল ডিফেন্ডার নাকি লেফট-ব্যাক পজিশনে খেলানো হবে, তা নির্ভর করছে স্কালোনির শেষ মুহূর্তের কৌশলের ওপর।
ডিবিসি/টিবিএ