রাজনীতি

এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: লংমার্চে শফিকুর রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন।

শনিবার (৫ শনিবার) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

 

শফিকুর রহমান বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’

 

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে জামায়াতের আমির বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় আপনাদের সঙ্গীরা রক্ত দিয়েছেন। তাঁদের সেই দাবি এখনো পূরণ হয়নি। দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। ইনশা আল্লাহ, দাবি পূরণ করেই ঘরে ফিরব।’

 

গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে নেমেছি। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নেমেছি। আপনাদের ঘরে গ্যাস ফিরিয়ে দিতে এবং বিদ্যুৎ ও আলো নিশ্চিত করতে আমরা রাস্তায় নেমেছি।’

পথসভায় ১১–দলীয় জোটের ঐক্যের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘১১ দল আপনাদের পাশে আছে এবং আপনারাও ১১ দলের সঙ্গে আছেন। ইনশা আল্লাহ, আল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা কবুল করবেন। আমরা সফল হব এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব।’

 

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের ছয় দফা দাবি আদায়ে আজ সকালে রাজধানী থেকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় জোটের নেতারা অংশ নেন। শফিকুর রহমানের বক্তব্য শেষে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

 

পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার। বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবদুল মঈনুদ্দিন আহমদ এবং এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

 

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারকে তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এ সময় তিনি গ্যাস, বিদ্যুৎ, তেল ও পানির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তিনি গণভোটের রায় মেনে নেওয়ার দাবি জানান।

 

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা কার্যকর করতে হবে। এই রায় স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে।

 

জনগণের উদ্দেশে অলি আহমদ বলেন, ‘আপনারা রাজি আছেন তো? দুই হাত তুলে দেখান। শক্ত থাকবেন, নিজের অবস্থানে অটল থাকবেন। এই বেইমান ও মুনাফিকদের কাতারে দাঁড়াবেন না।’

 

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশকে সঠিক গন্তব্যে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আমাদের এই লংমার্চের মধ্য দিয়ে চলমান আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।’

 

১৯৭০ সালের গণরায়ের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, একসময় ১৯৭০ সালের গণরায় নিয়ে তামাশা করার কারণেই মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠেছিল। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার তিনবার বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ অপরাধে দেশের মানুষ শেখ হাসিনাকে ছক্কা মেরে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন