অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে তার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।
দিনের খেলা শেষে নিজের ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘শুরুর দিকে উইকেটে ব্যাট করা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করেছে।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথমবার ব্যাট করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তাই শুরুতে উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই বেশি মনোযোগ দিয়েছি। দ্রুত রান করার চিন্তা করিনি। চেষ্টা করেছি উইকেটে সেট হতে এবং ভালো একটি জুটি গড়তে। পরে যখন মানিয়ে নিতে পেরেছি, তখন রান করাটা তুলনামূলক সহজ হয়েছে।’
আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি নিজের আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘অবশ্যই সামনে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এই সেঞ্চুরি আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি, সেটি ধরে রাখতে পারলে ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হব, তেমনি দলের জন্যও ইতিবাচক হবে।’
ডিবিসি/আরএফই