একই মাঠে বহুবার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে সময়ের দুই মহাতারকাকে দেখার সুযোগ এখনো ফুটবলপ্রেমীদের কল্পনাতেই সীমাবদ্ধ। কার্লোস তেভেজের সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে সেই কল্পনা এবার বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টাইন তারকা তেভেজকে ঘিরে আগামী ডিসেম্বরে বড় আয়োজনের পরিকল্পনা চলছে। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বুয়েনস এইরেসে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোম্বোনেরায় হতে পারে তাঁর বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচ।
এই আয়োজনের জন্য স্টেডিয়াম ব্যবহারে সম্মতি দিয়েছেন বোকা জুনিয়র্সের সভাপতি এবং তেভেজের সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকেলমে। তবে ম্যাচের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন লিগ ও বোকা জুনিয়র্সের ম্যাচসূচি বিবেচনায় রেখে ১২–১৩ অথবা ১৯–২০ ডিসেম্বরের ছুটির দিনগুলো নিয়ে আলোচনা চলছে।
তেভেজের বিদায়ী আয়োজনটি কেবল একটি সাধারণ প্রীতি ম্যাচে সীমাবদ্ধ থাকবে না। তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে যুক্ত প্রায় ৬০ জন সাবেক সতীর্থ, বন্ধু ও ফুটবল ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য কাঠামো অনুযায়ী, এক দলে খেলবেন তেভেজের শৈশবের বন্ধু ও ঘনিষ্ঠজনেরা; অন্য দলে থাকবেন বিভিন্ন ক্লাবে তাঁর সঙ্গে খেলা সাবেক সতীর্থরা।
আমন্ত্রিতদের সম্ভাব্য তালিকায় আছেন লিওনেল মেসি। ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকেও আমন্ত্রণ জানানো হতে পারে। মেসি ও রোনালদো দুজনই আমন্ত্রণ গ্রহণ করলে ফুটবল ইতিহাসে বিরল এক মুহূর্তের জন্ম হতে পারে—একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
তবে এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। তাঁদের অংশগ্রহণ নির্ভর করবে আনুষ্ঠানিক আমন্ত্রণ, সম্মতি এবং নিজ নিজ ক্লাবের সূচির ওপর। ফলে আপাতত মেসি–রোনালদোর একই দলে খেলার বিষয়টি সম্ভাবনা হিসেবেই থাকছে।
এমন তারকাবহুল পুনর্মিলনের জন্য তেভেজের ক্যারিয়ারও যথেষ্ট বর্ণিল। বোকা জুনিয়র্সের হয়ে পথচলা শুরু করা এই আর্জেন্টাইন পরে খেলেছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ক্লাবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বোকা জুনিয়র্সের হয়ে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করার পাশাপাশি জিতেছেন ১১টি বড় শিরোপা।
২০২২ সালের জুনে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে নাম লেখান তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্ডিপেনদিয়েন্তে ও তায়েরেস কর্দোবার দায়িত্ব পালন করেছেন তিনি।
বিদায়ী ম্যাচের মূল আকর্ষণ হওয়ার কথা তেভেজেরই। তবে লা বোম্বোনেরায় যদি সত্যিই একই জার্সিতে মেসি ও রোনালদোকে দেখা যায়, তাহলে তেভেজের বিদায়ের মঞ্চ ছাপিয়ে সেটিই হয়ে উঠতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।
ডিবিসি/ আরএফই