বাংলাদেশ, রাজনীতি

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শেষ মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা ও দেশের স্বার্থ বিবেচনায় জোটগত নির্বাচনের সম্ভাবনাও রয়েছে দলটির।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

 

সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, এনসিপি এবং জামায়াতে ইসলামী নিজ নিজ জায়গা থেকে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে প্রয়োজন হলে পরবর্তীতে জোটগত সিদ্ধান্ত হতে পারে। গত এক বছরে এনসিপি দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা আজকের অবস্থানে এসেছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে পর্যাপ্ত সময় পেলে তাদের আসন সংখ্যা ৬টি থেকে আরও বাড়তে পারত বলে মন্তব্য করেন তিনি। এ কারণেই আসন্ন স্থানীয় নির্বাচনে সবার আগে প্রস্তুতি শুরু করেছে তাদের নির্বাচন পরিচালনা কমিটি। তিনি আরও জানান, প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা অভিযোগ করেন, সরকার দলীয় তোষামোদকারীদের সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জানান, এনসিপি প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন পরিচালনার সার্বিক তত্ত্বাবধানের জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন