ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার মুখে এক নজিরবিহীন হুঁশিয়ারি এসেছে হোয়াইট হাউস থেকে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, আজ রাতেই ইরানের হাজার বছরের পুরনো এক সভ্যতা চিরতরে মুছে যেতে পারে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, একটি আস্ত সভ্যতা আজ রাতে বিলীন হয়ে যাবে, যা আর কোনোদিন ফিরে আসবে না। পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে। তবে এই ধ্বংসাত্মক বার্তার পাশাপাশি ইরানে শাসন পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ট্রাম্পের ভাষায়, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও আমূল শাসন পরিবর্তন নিশ্চিত করেছি-যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম কট্টরপন্থী মনোভাবের মানুষ প্রাধান্য পাবে-তাই হয়তো বৈপ্লবিক ও বিস্ময়কর কিছু একটা ঘটতে পারে। কে জানে? বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আজ রাতেই সব জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম সন্ধিক্ষণ। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান অবশেষে ঘটতে যাচ্ছে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক!
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ইরানের বর্তমান সরকারের পতন এবং বড় ধরনের সামরিক অভিযানের চূড়ান্ত ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল