দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ৮০৭টি শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামের রোগী শনাক্ত হয়েছে ৮০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামের কারণে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৬৭৭টি শিশু।
ডিবিসি/টিবিএ