দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে এবং বাকি তিনজন হামের উপসর্গে মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২০৫টি শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৬০৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন শিশু, যার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ১৪২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিতভাবে আরও ৬৯ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।
ডিবিসি/টিবিএ