জেলার সংবাদ

একদিনে ৩৯ জনকে কামড়ে দিয়েছে এক কুকুর

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৯ই ডিসেম্বর ২০২০ ০৯:৫৬:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দৌড়ে যাচ্ছে একটি কুকুর। আর পথে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন মানুষকে কামড়ে আহত করে পালিয়েছে সেই পাগলা কুকুর।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এর মধ্যে ২৬ জন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এলাকায় কুকুর আতংক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ কয়েকটি গ্রামে মঙ্গলবার সকাল থেকেই একটি বেওয়ারিশ কুকুর বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করতে থাকে। এসময় কুকুরটি পথচারীদের যাকেই সামনে পায় তাকেই কামড় দিয়ে দৌড়ে পালাতে থাকে। এভাবে দিনভর ৩৯ জনকে কামড়ে আহত করে। আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। সন্ধ্যা পর্যন্ত কুকুরটিকে কেউ আটকাতে পারেনি। বুধবারও (৯ ডিসেম্বর) কুকুরটির কোন হদিস মেলেনি।

স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আ. হালিম জানান, কালাদহ গ্রামের আ. রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলছিলও। পাগলা কুকুরটি ওই শিশুকে কামড়ে দেয়। শিশুটির মা ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। একইদিন ওই গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ ও দুলালসহ ৬ জনকে কুকুরটি কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ কুকুরে কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন।

ভ্যাকসিন দেয়ার বিষয়ে তিনি বলেন, যাদের ভ্যাকসিন কিনে দেয়ার সামর্থ্য আছে। তারা বাইরে থেকে কিনে আনার পর দেয়া হচ্ছে। যাদের সামর্থ্য নেই, তাদেরকে ময়মনসিংহ সুর্যকান্ত (এসকে) হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।

আরও পড়ুন