বাংলাদেশ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি, গবেষক ও বরেণ্য সাহিত্যসেবী আল মুজাহিদী আর নেই। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই প্রয়াণে দেশের সাহিত্যাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা কবি আল মুজাহিদী ছিলেন ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তাঁর কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, প্রেম এবং আত্মপরিচয়ের গভীর অন্বেষণ ফুটে উঠেছে। সুদীর্ঘ সাহিত্যজীবনে তিনি কেবল কবিতাই নয়; বরং গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 

 

তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। এছাড়া, দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি দেশের সাহিত্যাঙ্গনে নতুন লেখকদের বিকাশে অনন্য ভূমিকা রেখেছেন।

 

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’-এ ভূষিত করে। তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের সুবাসের পাশাপাশি ইতিহাস, নৃতত্ত্ব, সমাজ ও রাজনীতির গভীর পর্যবেক্ষণ থাকায় তা জাতিসত্তা ও মানবিক মূল্যবোধের এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠেছে। 

 

শেকড়ের প্রতি অনুরাগ ও মানুষের প্রতি মমত্ববোধের কারণে দুই বাংলার সাহিত্যপ্রেমীদের কাছেই তিনি ছিলেন সমানভাবে সমাদৃত। সাহিত্য অনুরাগীদের মতে, কবি আল মুজাহিদীর প্রয়াণ বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর কবিতা, চিন্তা ও নান্দনিক সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন প্রেরণা জোগাবে এবং বাংলা ভাষা ও সাহিত্য তাঁকে চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন