আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক এবং বইমেলা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশকদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ বিষয়ে একমত পোষণ করেন এবং এ সংক্রান্ত লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান।
বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল প্রকাশক ইতিমধ্যে স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, বইমেলা কর্তৃপক্ষ তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে যারা এখনো টাকা জমা দেননি, তারা সরকার নির্ধারিত নতুন ও হ্রাসকৃত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।
ডিবিসি/আরএসএল