পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের ৩ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের মধ্যে ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমা (২৮) এবং সার্চিং মারমা ওরফে রাজু (২২) রয়েছেন। এছাড়া অভিযানে সাথোয়াই মারমা (৩২) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বুদংছড়া এলাকায় অবস্থান গ্রহণ করে। দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকা অতিক্রমের চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামার চ্যালেঞ্জ করেন। তবে সন্ত্রাসীরা চ্যালেঞ্জ উপেক্ষা করে সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে রনেল চাকমা ও সার্চিং মারমাকে আটক করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ৬ রাউন্ড তাজা গুলি, ১টি ফায়ারকৃত গুলির কার্তুজ এবং চাঁদাবাজির আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, গুলিবিদ্ধ সন্ত্রাসী সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/পিআরএএন