বাংলাদেশ, রাজনীতি

এক্স আইডি হ্যাক করে অনেকে ব্যবসা করছে: জামায়াত আমির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক্স আইডি হ্যাক করে অনেকে ব্যবসা করছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে যে পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে, সেখানে পুরোনো ‘পোড়া রাজনীতি’ কিংবা ব্যক্তিগত আক্রোশের রাজনীতির ঠাঁই নেই। বিভাজনের রাজনীতি করে যারা জাতিকে খণ্ডিত করতে চায়, তাদের আর সুযোগ দেওয়া হবে না।

 

ধর্মীয় সহাবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এই দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাআল্লাহ একটি ফুলের বাগানের মতো সাজাবো। ধর্মের সৌন্দর্যই হলো একে অপরের সঙ্গে চমৎকার সম্পর্ক রক্ষা করা।

 

কিশোরগঞ্জের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা ও মেধাবীদের জেলা হিসেবে পরিচিত এই এলাকার মানুষ পরিশ্রমী ও দেশপ্রেমিক। কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার সন্তানরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও জেলার উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ, হাওড় এলাকার মানুষের দুর্ভোগও কাটেনি যা স্থানীয়রাই প্রত্যক্ষ করছেন।

 

জেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, কিশোরগঞ্জ মূলত কৃষিনির্ভর এলাকা। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষিকে শিল্পে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকের উৎপাদন তাদের জীবনমান বদলাতে পারে।

 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজ বেকার ভাতা নয় ন্যায়বিচার ও মেধার স্বীকৃতি চায়। রাজনৈতিক প্রভাব বা ‘লাল টেলিফোনের’ হস্তক্ষেপে যেন যোগ্যরা বঞ্চিত না হয়, সেই নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থানে যুক্ত করে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

 

শেষে জেলার ৬টি আসনে জামায়াতে ইসলামী ও তাদের জোট সমর্থিত প্রার্থীদের জন্য দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, মামলাবাজমুক্ত এবং শোষণহীন বাংলাদেশ গড়তে চাই।

আরও পড়ুন