জেলার সংবাদ

নেত্রকোনায় এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে পরপর ৩ শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে কলমাকান্দার রংছাতী ও পোগলা ইউনিয়ন এবং পূর্বধলার ধলামুলগাঁও ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কলমাকান্দার কালাইকান্দি গ্রামের মোয়াজ (১), শুনই গ্রামের তাসকিন তারেক (১৮ মাস) এবং পূর্বধলার জামুদ গ্রামের সুমন মিয়া (৬)।

 

দুপুর সাড়ে ১২টার দিকে কালাইকান্দি গ্রামের বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মোয়াজ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এর প্রায় এক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে শুনই গ্রামে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে মারা যায় ১৮ মাস বয়সী তাসকিন তারেক। পরে তাকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

অন্যদিকে, পূর্বধলার জামুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় ছয় বছর বয়সী সুমন মিয়া। বাড়ির উঠানে খেলছিল সে। পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় সুমন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন