খেলাধুলা

এক ফুটবলার থামিয়ে দিয়েছিলেন ৫ বছরের গৃহযুদ্ধ

শিহাদ

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২৬ ০১:৪৮:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুটবলার দিদিয়ের দ্রগবাই থামিয়ে দিয়েছিলেন আইভরি কোস্টের ৫ বছরের গৃহযুদ্ধ। দেখিয়েছিলেন কিভাবে একটা ফুটবল দলের অধিনায়ক থেকে পুরো দেশের অধিনায়ক হতে হয়।

২০০২ সালে ভয়ঙ্কর এক গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছিল আইভরিকোস্ট। যেখানে বিদ্রোহী বাহিনী দখল করে নেয় দেশটির একাংশ, রাজধানী আবিদজান এবং এর পার্শ্ববর্তী কিছু অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে সরকারি বাহিনী। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ২০০৫ সালের অক্টোবরে আফ্রিকার প্রতিনিধি হিসেবে জার্মানি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আইভরিকোস্ট। ফলে কিছু সময়ের জন্য হলেও যুদ্ধ ভুলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের উৎসবে মেতে ওঠে পুরো দেশ।

 

এমন পরিস্থিতিতে নিজ দেশের গৃহযুদ্ধ থামাতে এগিয়ে আসেন দিদিয়ের দ্রগবা। মাঠে উপস্থিত গণমাধ্যম, ফটোগ্রাফারদেরকে ডেকে নিয়ে এসে ড্রেসিংরুমে লাইভ ক্যামেরার সামনে হাঁটু গেড়ে যে ভাষণটা দিয়েছিলেন, তা থামিয়ে দিয়েছিল আইভরি কোস্টের গৃহযুদ্ধকে।

‘নারী কিংবা পুরুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব কি পশ্চিম সব আজ এক হয়েছি।  আমরা কথা দিয়েছিলাম আমাদের জয় সবাইকে একত্রিত করবে। আমি আপনাদের কাছে হাত জোড় করি, আপনারা দয়া করে অস্ত্র নামিয়ে রাখুন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন।’


মিনিট খানেকের এই বক্তব্য ছড়িয়ে পড়েছিল পুরো আইভরিকোস্টে। দেশটির টেলিভিশন ও রেডিওতে এই ভিডিও বারবার প্রচার হতে থাকলো। দেশটির সরকার ও বিদ্রোহীদের মধ্যে নাটকীয় পরিবর্তন দেখা গেল এবং আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছিল।সেদিনের সেই ম্যাচের পর চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল আইভরিকোস্টের গৃহযুদ্ধ। আর সেই গৃহযুদ্ধ থামাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেই দেশেরই ফুটবল দলের ক্যাপ্টেন দিদিয়ের দ্রগবা।
 

ডিবিসি/এমএসডি

আরও পড়ুন