জেলার সংবাদ, বিশেষ প্রতিবেদন

এক মসজিদে ৫৬ বছরের ইমামতি, ওমরাহ করতে পাঠালেন এলাকাবাসী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৯৭১ সাল থেকে ময়মনসিংহ সদর উপজেলার দারিয়াকান্দা গ্রামের মজিদ মণ্ডল বাড়ির জামে মসজিদে ইমামতি করে আসছেন হাফেজ আব্দুল কদ্দুস। টানা ৫৬ বছর একই মসজিদে দায়িত্ব পালন করে তিনি হয়ে উঠেছেন পুরো এলাকার আস্থা ও শ্রদ্ধার প্রতীক।

দীর্ঘদিনের এই নিষ্ঠা, সততা ও ধর্মীয় সেবার স্বীকৃতি হিসেবে এলাকাবাসী নিজেদের উদ্যোগে তাকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন।

বুধবার গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে সৌদি আরবের উদ্দেশে বিদায় জানান। এ সময় মসজিদ প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তার সুস্থভাবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার জন্য দোয়া করেন।

 

স্থানীয় বাসিন্দা এ কে এম ফজলুল হক বলেন, তরুণ বয়সে ইমামতির দায়িত্ব নেওয়ার পর থেকে হাফেজ আব্দুল কদ্দুস শুধু নামাজ পরিচালনাই করেননি, গ্রামের শিশুদের কোরআন শিক্ষা, ইসলামী মূল্যবোধের চর্চা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে মানুষকে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

স্থানীয়দের মতে, অসুস্থতা বা প্রতিকূল আবহাওয়াতেও তিনি দায়িত্ব পালনে কখনো অবহেলা করেননি। তার বিনয়, ধর্মীয় জ্ঞান ও মানবিক আচরণ তাকে সবার কাছে সম্মানিত করে তুলেছে।

 

উদ্যোক্তাদের অন্যতম ফরিদ আহমেদ লালু ও আশরাফুল ইসলাম বলেন, "দীর্ঘ ৫৬ বছরের সেবার স্বীকৃতি ও ভালোবাসার নিদর্শন হিসেবেই আমরা তাকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছি।"

 

বিদায়ের আগে আবেগঘন বক্তব্যে হাফেজ আব্দুল কদ্দুস বলেন, "১৯৭১ সাল থেকে এই মসজিদে ইমামতি করছি। কখনো ভাবিনি আপনারা আমাকে এভাবে সম্মানিত করবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। পবিত্র ভূমিতে গিয়ে দেশ, জাতি ও আপনাদের সবার জন্য দোয়া করব।"

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন