খেলাধুলা, ফুটবল

এক ম্যাচ নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলা প্যারাগুয়ের আলমিরন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক অদ্ভুত কাণ্ডে মাঠ থেকে বহিষ্কৃত হয়ে ইতিহাস গড়েছিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। এবার তার ওপর নেমে এলো নিষেধাজ্ঞার তীর। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বিতর্কের সময় মুখ ঢাকার অপরাধে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মঙ্গলবার ফিফা নিশ্চিত করেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। ফলে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের গ্রুপ পর্বের শেষ ও ভাগ্যনির্ধারণী ম্যাচে মাঠে নামতে পারবেন না এই তারকা মিডফিল্ডার।

 

গত শুক্রবার তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের ১-০ গোলে জয়ের ম্যাচটিতে এই ঘটনার অবতারণা হয়। প্রথমার্ধের শেষদিকে তুরস্কের মের্ট মুলডারের সঙ্গে এক মৌখিক বিবাদে জড়ানোর সময় নিজের মুখ হাত দিয়ে ঢেকে রাখেন আলমিরন। বিষয়টি প্রাথমিকভাবে মাঠের রেফারির চোখে না পড়লেও, মুলডারের ইশারা ও প্রতিবাদের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করে। ভিএআর পরীক্ষার পর রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

 

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার মধ্যকার একটি ম্যাচে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ানি নিজের মুখ ঢেকে মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে সমকামী-বিরোধী ও বৈষম্যমূলক গালি দেন। উয়েফা পরবর্তীতে প্রেসতিয়ানিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। এই ঘটনার পরই ফুটবলে বর্ণবাদ ও মৌখিক অপব্যবহার রোধে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন নিয়মটির জন্য চাপ দেন।

 

গত এপ্রিলে ফুটবলের নিয়মকানুন প্রণয়নকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড’ (আইএফএবি) নিয়মটি অনুমোদন করে। নতুন নিয়ম অনুযায়ী- কোনো খেলোয়াড় অন্য খেলোয়াড়ের সঙ্গে মৌখিক বিতর্কে জড়ানোর সময় নিজের কথা গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন।

 

এই নিয়ম প্রসঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এসএনটিভিকে বলেন, ‘মুখ  ঢাকার এই বিষয়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এটা আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন স্থাপন করেছে। যদি আপনার লুকানোর কিছু না থাকে, তবে কারও সাথে কথা বলার সময় আপনি মুখ ঢাকবেন না। নিয়মগুলো সবার কাছে স্পষ্ট করা হয়েছিল।

 

আলমিরনের এই নিষেধাজ্ঞা প্যারাগুয়ের জন্য বড় এক ধাক্কা। তবে বিশ্বকাপে নকআউট পর্বের দৌড়ে ভালোভাবেই টিকে আছে দলটি। গ্রুপ 'ডি'-তে যুক্তরাষ্ট্রের পেছনে থাকা প্যারাগুয়ে যদি তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তবে দ্বিতীয় দল হিসেবে তারা শেষ ষোলো নিশ্চিত করবে। তবে সেই বাঁচা-মরার লড়াইয়ে দলের অন্যতম সেরা ভরসা আলমিরনকে মাঠের বাইরেই বসে থাকতে হচ্ছে।

 

সূত্র: ইএসপিএন

 

ডিবিসি/ এমএনকে

আরও পড়ুন