খেলাধুলা

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার এক ম্যাচ বাকি থাকতেই 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। গ্রুপের অন্য ম্যাচে জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের ফলেই আর্জেন্টিনার এই শীর্ষস্থান নিশ্চিত হয়, যার পাশাপাশি বিদায়ঘণ্টা বেজেছে জর্ডানেরও।

আগের নিয়ম অনুসারে দুই দলের পয়েন্ট সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে গোল ব্যবধান বিবেচনা করা হতো। তবে ২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলেও হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন। ফলে আলজেরিয়া এবং অস্ট্রিয়ার পয়েন্ট শেষ পর্যন্ত আর্জেন্টিনার সমান (৬) হওয়ার সুযোগ থাকলেও লিওনেল স্কালোনির দলকে শীর্ষ থেকে নামানোর কোনো সুযোগ নেই।

 

গতকাল (সোমবার) রাতে মেসিময় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে তারা উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে, যেদিন হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট পাওয়া আলবিসেলেস্তেরা গোল ব্যবধানেও (৫) এগিয়ে আছে। তবে নতুন নিয়মের কারণে অস্ট্রিয়া বা আলজেরিয়া তাদের ম্যাচ জিতে গোল ব্যবধানে এগিয়ে গেলেও, হেড-টু-হেডে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় তাদের আর টেবিলের শীর্ষে ওঠার সুযোগ নেই।

 

আগামী রোববার সকাল ৮টায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিদায় নিশ্চিত করা জর্ডানের বিপক্ষে এই ম্যাচে হারলেও আর্জেন্টিনার শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে, অন্যদিকে জর্ডানও আর গ্রুপের তিন নম্বরে উঠতে পারবে না। যেহেতু 'জে' গ্রুপের বাকি দুই দল অস্ট্রিয়া ও আলজেরিয়া উভয়ই লিওনেল মেসিদের কাছে হেরেছে, তাই রোববার একই সময়ে অনুষ্ঠিতব্য তাদের মধ্যকার ম্যাচটি মূলত দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন