মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন বা গুঁড়িয়ে দিতে পারে। তাঁর দেওয়া আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতেই সেটি ঘটতে পারে।
গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এই চূড়ান্ত আলটিমেটাম দিয়ে লেখেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া এই সময়সীমা তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টা, গ্রিনিচ মান সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শেষ হবে।
ইরান পরিস্থিতি নিয়ে আজ হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তাঁর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে হোয়াইট হাউসের অন্য একটি অনুষ্ঠানে তিনি জানান, চুক্তিতে রাজি হতে ইরানকে দেওয়া মঙ্গলবার রাত ৮টার আলটিমেটামই চূড়ান্ত এবং ইরান ইতিমধ্যে যে প্রস্তাব দিয়েছে তা চুক্তির জন্য কোনোভাবেই যথেষ্ট নয়।
এদিকে সংবাদ সম্মেলনে, ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি জানান, সাহসী যোদ্ধাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে তিনি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই উদ্ধার অভিযানে মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে বলেও নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন