কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সাথে সম্পর্ক রাখা এবং সময় কাটানোর জন্য আবারও গভীর অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি স্বীকার করেছেন, এপস্টিনের সাথে মেশা ছিল একটি বোকামি এবং এর জন্য তিনি প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টাইন মামলার আরও ৩০ লাখ নথি প্রকাশ করার পর বিল গেটস নতুন করে সমালোচনার মুখে পড়েন। এর পরিপ্রেক্ষিতে ‘নাইন নিউজ অস্ট্রেলিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার (এপস্টিন) সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং আমি ক্ষমাপ্রার্থী যে আমি সেটা করেছি।
এপস্টিনের ইমেল অ্যাকাউন্টের ‘ড্রাফট’ বা খসড়া ফোল্ডারে পাওয়া কিছু ইমেলে অভিযোগ করা হয়েছিল, এপস্টিন গেটসকে নারীদের সঙ্গ পেতে সাহায্য করতেন এবং গেটস তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের কাছে যৌনবাহিত রোগের তথ্য গোপন করেছিলেন।
এই অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা দাবি করে গেটস বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে জেফরি নিজের কাছেই একটি ইমেল লিখেছিল, যা কখনো পাঠানো হয়নি। ওই ইমেলের তথ্য মিথ্যা। সে কেন এটা করেছিল বা আমাকে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল কি না, তা আমি জানি না।
গেটসের দাবি অনুযায়ী, ২০১১ সালে এপস্টিনের সাথে তার পরিচয় হয় এবং তারা বেশ কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। গেটস জানান, এপস্টাইনের সাথে তার সম্পর্কের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক এবং বিশ্ব স্বাস্থ্যখাতের জন্য তহবিল সংগ্রহ।
তিনি বলেন, সে (এপস্টিন) অনেক ধনী ব্যক্তিকে চিনত এবং বলেছিল যে সে তাদের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্যখাতে অর্থ অনুদান জোগাড় করে দিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি একটি ভুল পথ ছিল। তার সাথে সময় কাটানো আমার বোকামি ছিল। আমি সেই অনেক মানুষের মধ্যে একজন যারা তাকে চেনার জন্য অনুতপ্ত।
তথ্যসূত্র ইউএসএ টুডে
ডিবিসি/এমইউএ