বাংলাদেশ, জাতীয়

এপ্রিলে আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ, হতে পারে ঝড়বৃষ্টিও

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এপ্রিলের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

 

যেসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে, সেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ ছাড়া, কোনো এলাকার তাপমাত্রা যখন ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেটাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

গতকাল রাজধানীতেও বয়ে গেছে তাপপ্রবাহ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রবিবার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। তাতে সাময়িকভাবে তাপপ্রবাহ কমে যেতে পারে।

 

এদিকে শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন