গত এপ্রিল মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিলে দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এসব দুর্ঘটনায় সর্বমোট ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোট দুর্ঘটনার মধ্যে ৫২৭টিই ছিল সড়ক দুর্ঘটনা। এই সড়ক দুর্ঘটনাগুলোতেই প্রাণ হারিয়েছেন ৫১০ জন এবং আহত হয়েছেন ১২৬৮ জন।
অন্যান্য যাতায়াত ব্যবস্থার মধ্যে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন এবং নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বিভাগ।
সেখানে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনার খবর পাওয়া গেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৭টি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৬৪ জন আহত হয়েছেন।
সংগঠনটি জানিয়েছে, গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই উপাত্ত সংগ্রহ করা হয়েছে; তবে হাসপাতালে ভর্তি না হওয়া বা গণমাধ্যমে না আসা ঘটনার সংখ্যা হিসেবে নিলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ