চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন এবার এমন এক বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যা গত ৯৬ বছরে বিশ্বের আর কোনো দেশ করে দেখাতে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্প্যানিশরা চলতি আসরে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি। যেখানে আসরের অন্য সব দলই গোল হজম করেছে, সেখানে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বের দুটি ম্যাচ খেলে ফেললেও নিজেদের গোলবার পুরোপুরি অক্ষত রেখেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকে শুরু করে শেষ ষোলোর হাইভোল্টেজ নকআউট পর্ব পর্যন্ত কোনো প্রতিপক্ষই স্পেনের জালের ঠিকানা খুঁজে পায়নি। গোলরক্ষক উনাই সিমনের অসাধারণ দক্ষতা এবং স্পেনের ইস্পাতকঠিন রক্ষণভাগের সামনে পরাস্ত হতে হয়েছে সব আক্রমণকে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হয়েও পুরো টুর্নামেন্টে কোনো গোল না খাওয়ার অবিশ্বাস্য কীর্তি এর আগে কখনো দেখা যায়নি। স্পেনের বর্তমান রক্ষণাত্মক ফর্ম বিবেচনা করে বলা যায়, তারা যদি এই ক্লিন শিট বা গোল না খাওয়ার ধারা ধরে রেখে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে, তবে তা হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্সিভ রেকর্ড।
শেষ আটের লড়াইয়ে পা রাখার পর এখন পুরো ফুটবল বিশ্বের নজর স্পেনের দিকে। সবার কৌতূহল, লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের এই অভেদ্য দুর্গ কোন দল প্রথম ভাঙতে পারে, নাকি কোনো গোল না খেয়েই বিশ্বজয়ের এক নতুন ইতিহাস রচনা করবে স্প্যানিশরা।
ডিবিসি/এফএইচআর