জাতীয়

এবার ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদের এই সভায় প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনার পাশাপাশি ১৮ মার্চ থেকে ঈদের ছুটি শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।

 

চলতি বছর রমজান মাস ৩০ দিন হিসাব করে আগামী ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ধরে সরকারি ছুটি নির্ধারণ করা রয়েছে। এর আগে ও পরে ১৯, ২০, ২২ এবং ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি আগে থেকেই ঘোষণা করা ছিল। এছাড়া ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি থাকায় মাঝখানে কেবল ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা ছিল। নতুন এই সিদ্ধান্তে ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন।

 

এদিকে, এই টানা ছুটির পর ২৪ ও ২৫ মার্চ কর্মদিবস থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায়, মাঝখানের ওই দুই দিনের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন