বিভিন্নভাবে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি গানের মডেল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিলেন। এবার ভিন্ন চিত্রে দেখা গেলো হিরো আলমকে। তামিল অ্যাকশনে নিজেকে উপস্থাপন করলেন তিনি।
তিনদিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন হিরো আলম। তার সেই ভিডিও ক্লিপের ক্যাপশনে লেখা দেখা যায়- হিরো আলম নতুন ধামাকা, তামিল অ্যাকশন।
ভিডিওটিতে দেখা যায়, লোহার পাইপের ওপরে বসে রয়েছেন হিরো আলম। সামনে দু’জন লোক এসে তার নাম ধরে ডেকে ধমক দিতে দেখা যায়। এসময় হিরো আলম হিন্দি ভাষা ব্যবহার করেন। তবে তার ভাষ্য অনুযায়ী বাংলায় দাঁড়ায়, তোমরা এ দেশকে বরবাদ করে দিয়েছ। তখন তার সামনে দাঁড়ানো দু’ জন ব্যক্তি তাকে গালি দিয়ে বলেন আমরা তোমাকে মারতে এসেছি এবং তাকে ধরতে বলে। মুহূর্তেই বালুর নিচ থেকে ওঠে এসে কয়েকজন লোক অস্ত্র হাতে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।
এরপরেই তার সাথে শত্রুপক্ষের মারামারি শুরু হয়। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা ধারালো অস্ত্র হাতে নিয়ে কোপাতে থাকে হিরো আলম। তার হাতের অস্ত্র দিয়ে একজনকে আঘাত করার এক পর্যায়ে পড়ে যায় তার অস্ত্রটি। তারপর হাত দিয়ে শত্রুর মোকাবিলা করেন। এমনকি পানিতেও তাকে অ্যকশন মুডে দেখা যায়।
তবে ভিডিওর শেষ পর্যায়ে দেখা যায়, দু’জন খলনায়ক তার নায়িকাকে ধরে নিয়ে আসে। এতে খানিকটা বিচলিত হয়ে পড়েন হিরো আলম তবুও লড়াই চালিয়ে যান তিনি। পরে ওই দুইজনকে পরাজিত করে নায়িকার হাত ধরে চলে যান হিরো আলম।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজের কেবল ব্যবসার পাশাপাশি হিন্দি ও বাংলা জনপ্রিয় সব চলচ্চিত্রের গানে নিজেকে মডেল হিসেবে তুলে ধরতেন। তবে সম্প্রতি তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তবে তার পরাজয় হয়।