আন্তর্জাতিক, আরব

এবার পারস্য উপসাগরে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ইরান সীমান্তে আবারও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার (৩০ মে) ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশসীমা থেকে শত্রুপক্ষের একটি অরবিটার ড্রোনকে সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়।

ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভূপাতিত করা হালকা ও কমপ্যাক্ট গঠনের এই চালকবিহীন ড্রোনটি মূলত আগ্রাসী মার্কিন-জায়নবাদী শক্তির। দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের অধীনে কর্মরত আর্মি এয়ার ডিফেন্স ফোর্সের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এটি আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে পড়ে। ইতিমধ্যেই ইরানের পক্ষ থেকে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।


এই ঘটনার মাত্র চার দিন আগে, গত ২৬ মে পারস্য উপসাগরের আকাশে আমেরিকার একটি শক্তিশালী এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি)। সে সময় আইআরজিসি মার্কিন বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যেকোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘন বা আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।


আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, অঞ্চলে মার্কিন সন্ত্রাসী বাহিনী তাদের হস্তক্ষেপমূলক দুঃসাহসিকতা এবং আগ্রাসী আচরণের ধারাবাহিকতায় ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। নিখুঁত গোয়েন্দা নজরদারির মাধ্যমে ড্রোনটি শনাক্ত করার পরপরই সেটিকে ভূপাতিত করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হয়।


ইরানি সামরিক সূত্রের দাবি, ২৬ মে'র ওই অভিযানে শুধু ড্রোন ভূপাতিত করাই নয়, একই সাথে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন আরকিউ-৪ ড্রোন এবং একটি অত্যাধুনিক এফ-৩৫ ফাইটার জেট লক্ষ্য করে গুলি ছুড়েছিল আইআরজিসি। তীব্র প্রতিরোধের মুখে মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনটি ইরানি আকাশসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।


সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন