অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে ব্যক্তিগত গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভুক্তভোগী গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার আসামি আমিনুর রহমানকে বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বুধবার আসামি আমিনুর রহমানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা। আসামিপক্ষে কোনো জামিন আবেদন না থাকায় শুনানি শেষে বিচারক কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- এমপি গাজী নজরুল ইসলাম (৭৪), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা গেছে, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার রোজগার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় থাকতেন এবং এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন এবং একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তার পরিবারকে জানান এবং এমপিকে এ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।
সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে এমপির ধারণা হয়, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধ ও সন্দেহের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর কৌশলে ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাকে মেঝেতে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। তখন তার মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর থেকে আসামিরা তাকে অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/আরএসএল