ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত থাকলেও নুসরাত তাবাসসুম ৪টা ১৯ মিনিটে তা জমা দেন। সময় অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে ইসি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করার পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিলেন।
ডিবিসি/আরএসএল