বাংলাদেশ, জাতীয়

এর আগেও বেশ কয়েকবার আগুনে পুড়েছিলো কড়াইলের এই বস্তিটি!

মো ফয়সাল হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে নভেম্বর ২০২৫ ০৭:৪৪:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিকেল সাড়ে ৫টা ২০ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটানা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে, ৫টা ২২ মিনিটে খবর পেয়ে আগুন নেভাতে ১৬টি ইউনিট কাজ করছে।

তবে, মহাখালীর এই বস্তিতে আগুন লাগার ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিলো জনাকীর্ণ বস্তিটি। প্রায় প্রতি বছরই এ বস্তির বাসিন্দাদের জন্য আসে একটি বিভীষিকার রাত। যে রাতে ঘুমন্ত বস্তিবাসীর ঘুম ভাঙে আগুনের লেলিহান শিখায়। আজ অবশ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই নেমে আসে আগুনের লেলিহান শিখা।

 

গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে এই বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস। ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা এই বস্তি পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা। 

 

২০১৬ সালের ৪ ডিসেম্বরে দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় পাঁচশ’র বেশি ঘর। গৃহহীন হয় সহস্রাধিক মানুষ। একই বছরের ১৪ মার্চ আগুনে পুড়ে বস্তির অর্ধশত ঘর। আগুনের সময় ছুটোছুটিতে আহত হন দুজন। আর তার পরের বছর, অর্থাৎ, ২০১৭ সালের ১৬ মার্চ রাত ৩টায় আবারও ভয়াল আগুনের কবলে পড়ে বস্তিটি। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১৯ সালের ৯ই মার্চে। সেবারও মধ্যরাতে আগুনে পুঢ়ে ছাই হয়ে যায় অসংখ্য ঘর।

 

হিসাব অনুযায়ী, প্রায় প্রতিবছরই অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ঘনবসতিপূর্ণ বস্তিটি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, ২০২৪ সালটি। এবছর ৩ বার আগুন ধরে এই স্থানে। আর আজকের আগে কড়াইল বস্তি সর্বশেষ আগুনে পুড়েছিলো গত ফেব্রুয়ারি মাসে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন