জাতীয়

ঐতিহাসিক নির্বাচনের আগে দেখে নেয়া যাক আগের ভোটগুলোর ইতিহাস

মো ফয়সাল হাসান

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাত পোহালেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই ঐতিহাসিক ভোটগ্রহণ উপলক্ষ্যে সারা দেশের প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে চলুন ফিরে দেখা যাক স্বাধীন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের নানা চড়াই-উতরাই।

স্বাধীন বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ দশমিক ৬১ শতাংশ। তবে আড়াই বছর স্থায়ী সেই সংসদের পর ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫১ দশমিক ২৯ শতাংশ ভোটারের উপস্থিতিতে বিএনপি ২০৭টি আসন পেয়ে জয়লাভ করে।

 

পরবর্তীতে আশির দশকে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালের তৃতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ অংশ নেয় এবং জাতীয় পার্টি ১৫৩টি আসন পেয়ে সরকার গঠন করে। এরপর ১৯৮৮ সালের চতুর্থ নির্বাচন প্রধান দুই রাজনৈতিক দল বর্জন করলে জাতীয় পার্টি একচ্ছত্রভাবে ২৫১টি আসনে জয় পায়, যদিও ১৯৯০ সালের গণআন্দোলনের মুখে সেই সংসদ ভেঙে যায়। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে এবং আওয়ামী লীগ বিরোধী দলে অবস্থান নেয়।

 

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ১৯৯৬ সালটি বেশ ঘটনাবহুল। এই বছরের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা মাত্র ১২ দিন স্থায়ী ছিল এবং প্রধান বিরোধী দলগুলো তা বর্জন করেছিল। তবে একই বছরের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম নির্বাচনে ৭৪ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে এবং আওয়ামী লীগ ১৪৬টি আসন পেয়ে সরকার গঠন করে। এরপর ২০০১ সালের অষ্টম নির্বাচনে বিএনপি ১৯৩টি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসে। পরবর্তীতে ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়ে, যেখানে আওয়ামী লীগ ২৩০টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পায়।

 

পরবর্তী তিনটি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক রয়েছে। ২০১৪ সালের দশম নির্বাচনে বিএনপি বর্জন করলে ১৫৩ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ নির্বাচন 'রাতের ভোট' এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ নির্বাচন 'ডামি নির্বাচন' হিসেবে পরিচিতি পায়। এই তিনটি নির্বাচনেই আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকে। 

 

অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগ করলে সংসদ বিলুপ্ত হয় এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই পটপরিবর্তনের প্রায় দেড় বছর পর আজ জাতি অপেক্ষা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন ভোরে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন