ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সহনীয় রাখতে এবং বাজার স্থিতিশীল করার লক্ষ্যে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার।
স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে সাত শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত এই ভ্যাট ও কর অব্যাহতি কার্যকর থাকবে।
বিদ্যমান কাঠামোতে এলপিজি খাতের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর দিতে হতো। নতুন প্রজ্ঞাপনের ফলে এই দুটি খাতের কর সম্পূর্ণ প্রত্যাহার করা হলো। তবে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভোক্তারা এলপিজি ক্রয়ে প্রায় ২০ শতাংশ ভ্যাট ভার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন