বর্তমানে দেশে এলপি গ্যাসের দাম বাড়ানোর কোনো সময় আসেনি বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বাজারদর ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমদানিকারক এবং সরবরাহকারীদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, খুচরা পর্যায়ের বিক্রেতারাই মূলত পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম রাখছেন, এর সঙ্গে আমদানিকারকদের কোনো সম্পৃক্ততা নেই। সাধারণ ভোক্তারা যেন কোনোভাবেই এমন হয়রানির শিকার না হন এবং অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারের সুযোগের অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হবে।
বৈঠকে আমদানিকারকদের বিভিন্ন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ব্যবসা সচল রাখার স্বার্থে তারা আমদানি পর্যায়ে দাম পর্যালোচনার জন্য কিছু যৌক্তিক বিষয় তুলে ধরেছেন। তাদের দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তা বিবেচনাযোগ্য হলে পরবর্তীতে ভেবে দেখা হবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে এলপিজির দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।
ডিবিসি/এফএইচআর