রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও সায়েদাবাদে যাত্রীবাহী ৩টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন লাগার এসব ঘটনা ঘটে।
খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, নিউ মার্কেটে ‘মিরপুর সুপার লিংক’ নামে একটি বাসে, এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে ‘গ্রিন ইউনিভার্সিটি’র একটি বাসে ও সায়দাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপির ঘোষিত ২ দিনের অবরোধ শুরু হচ্ছে আগামীকাল ভোর ৬ টা থেকে। এর মধ্যেই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। গত সপ্তাহেও একই দাবিতে ৩ দিনের অবরোধ পালন করে দলটি। ওই অবরোধের মধ্যে ২০টিরও বেশি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ডিবিসি/আরপিকে