২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানের পর থেকে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইলের এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পাচ্ছেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে অংশগ্রহণ করেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এবারের ফলাফলে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এ বছর মোট ৩১২টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি, যা গত বছর ছিল ১৩৪টি। একইসঙ্গে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমে এ বছর ৬৬৯টিতে দাঁড়িয়েছে।
বোর্ডভিত্তিক পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড, যেখানে পাসের হার ৭১.৬৩ শতাংশ। এছাড়া কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ (জিপিএ-৫ পেয়েছেন ৯,৮১৪ জন), যশোরে ৬৬.২৭ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে সর্বনিম্ন ৫৫.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
ডিবিসি/আরএসএল